নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য যুগোপযোগী ও গ্রহণযোগ্য একটি কাঠামো প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়া নিয়ে সৃষ্টি হওয়া আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর দানের অর্থের ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত এবং দরগাহর সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাণিজ্যমন্ত্রী বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি একটি সুস্পষ্ট ও টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্স খুলে অর্থ গণনা করবে এবং তা মাজারের বিদ্যমান ব্যাংক হিসাবে জমা রাখবে।
বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের আগের উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি অতীত নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। বরং সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এতে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, তেমনি ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিরূপ পরিস্থিতিরও সৃষ্টি হবে না।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ১২ সদস্যের কমিটিতে রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই প্রতিনিধি এবং মাজার মসজিদ ও মাদ্রাসার দুই প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
এর আগে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য সংরক্ষণ, বর্তমান ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর ও জনআস্থাভিত্তিক করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিলেটের স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইও/