শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উলামায়ে দেওবন্দ শুধু ইসলামী শিক্ষা ও আদর্শের ধারকই নন, বরং ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, ঈমান-আকিদা সংরক্ষণ এবং মুসলিম সমাজের নেতৃত্ব প্রদানে তারা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তাদের আত্মত্যাগ, দেশপ্রেম ও দ্বীনি নেতৃত্ব আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বক্তারা।

শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে “ভারত উপমহাদেশের স্বাধীনতার সংগ্রামে এবং বাতিল মতবাদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দের অবদান” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে সেভ দ্য উম্মাহ বাংলাদেশ।

জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসা, সিলেটের শায়খুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্য উম্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও ঢাকা আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল একদিকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই, অন্যদিকে ইসলামবিরোধী নানা বাতিল মতবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঈমান ও আকিদা রক্ষার আন্দোলন। তিনি বলেন, তাদের ত্যাগ ও কুরবানির ইতিহাস নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি।

বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে উলামায়ে দেওবন্দের ত্যাগ, দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। আদর্শবান, দেশপ্রেমিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে উলামায়ে দেওবন্দের ইতিহাস অধ্যয়ন এবং তাদের জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সেমিনারে বিভিন্ন স্তরের আলেম-উলামা, গবেষক, শিক্ষাবিদ, ছাত্র ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ