বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮


‘মুহাদ্দিসে হবিগঞ্জী ছিলেন বিরল প্রতিভার অধিকারী ক্ষণজন্মা মহাপুরুষ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

আওয়ার ইসলাম ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস ও জগৎবরেণ্য মুফাসসিরে কুরআন মরহুম আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান স্মরণে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.) ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভার অধিকারী, একজন উপমাহীন ক্ষণজন্মা মহাপুরুষ।

গত ৬ জুলাই লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ। সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রধান আলোচক ছিলেন মরহুমের পুত্র ও জামেয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুরুল হক। এছাড়া বিশেষ আলোচনা করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিল অব মস্কস টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক এবং মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানী।

এছাড়া বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, তাফসীরুল কুরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মইন উদ্দিন খান, সহ-সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান, ট্রেজারার হাফিজ রশিদ আহমদ, উপদেষ্টা আলহাজ খালিস মিয়া এবং প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম।

বক্তারা বলেন, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম প্রখ্যাত প্রবীণ মুহাদ্দিস, শায়খুল কুরআন, শায়খুল বুখারি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র সহ-সভাপতি। কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান, আমল, আধ্যাত্মিকতা ও সংগ্রামী নেতৃত্বের অনন্য সমন্বয় তাঁর জীবনে প্রতিফলিত হয়েছিল। তিনি ছিলেন শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ.) ও শায়খুল হিন্দের আদর্শের প্রকৃত উত্তরসূরি।

আলোচকরা বলেন, আল্লামা হবিগঞ্জী (রহ.) হাটহাজারী মাদরাসায় আল্লামা আব্দুল কাইয়ুম (রহ.)-এর কাছে বুখারী শরীফ অধ্যয়ন করেন। পরে তিনি আল্লামা মুফতি ফয়জুল্লাহ (রহ.), শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ জাকারিয়া (রহ.), আল্লামা ইদরিস কান্দলভী (রহ.), আল্লামা ফখরুদ্দীন মুরাদাবাদী (রহ.) এবং আল্লামা ইউসুফ বিন্নূরী (রহ.)-এর মতো বিশ্ববরেণ্য মুহাদ্দিসদের কাছে হাদীসের উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এমন উচ্চ মর্যাদার হাদীসের সনদের অধিকারী আলেম সত্যিই বিরল ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বুখারী শরীফের দারসের মাধ্যমে হাদীসের খেদমত করে গেছেন।

বক্তারা আরও বলেন, তাফসির, হাদিস, ফিকহসহ ইসলামি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর সাবলীল ভাষা, হৃদয়গ্রাহী উপস্থাপনা ও আধ্যাত্মিক প্রভাব লক্ষ লক্ষ মানুষকে কুরআনের আলোয় উদ্বুদ্ধ করেছে। দেশ-বিদেশে ওয়াজ, তাফসির ও ইসলাহি মাহফিলের মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে দ্বীনের পথে আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, ঈমানি আন্দোলন, শিরক-বিদআতের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে সমকালীন ইসলামী অঙ্গনের এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ ছিল উম্মাহর প্রেরণার উৎস। তিনি সুন্নাতে নববীর জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমানভাবে সমাদৃত ছিলেন। হাটহাজারী মাদরাসার বার্ষিক সম্মেলন, ঢাকার খতমে বুখারীর মাহফিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামি অনুষ্ঠানে তিনি নিয়মিত প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত হতেন। আরব বিশ্ব, ইউরোপ ও আমেরিকায় দীর্ঘ সময় ধরে দাওয়াতি ও ইসলাহি সফরের মাধ্যমে তিনি ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন।

সভায় বক্তারা আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)-এর আদর্শ, ত্যাগ ও কর্মময় জীবন অনুসরণের আহ্বান জানান এবং তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে মরহুম আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিস হবিগঞ্জী (রহ.)সহ সকল উলামায়ে কেরামের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ