কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। তিস্তার পানি সামান্য কমলেও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
পানি উন্নয়ন বোর্ডেও পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪-৪৮ ঘণ্টায় পানি আরো বেড়ে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করবে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পয়েন্টে নদ-নদীর ভাঙন তীব্র হয়ে উঠছে। ঝুঁকিতে পড়েছে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, দুটি বাজার ও ৩টি প্রাথমিক বিদ্যালয়।
পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনে রবিবার চিলমারী কাচকোল বাজারের দক্ষিণে কেডি ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধে ধবস দেখা দিয়েছে। ডেবে যাচ্ছে পিচিং করা ব্লক। এতে এলাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।