লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে প্রায় ৫ ঘণ্টার অভিযান চালিয়ে ২৪৪ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ৬টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কারও বিরুদ্ধে মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইসময় অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ জানায়, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে- এসব বিষয়ে নজর রাখতে হবে। সন্তানদেরকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রাহয়ান কাজেমী জানান, আটক ব্যক্তিদের মধ্যে বেশকয়েক জনের বিরুদ্বে মামলা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মাদক ও কিশোরগ্যাং বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আইও/