সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


তালিমী মুরুব্বি: তালিম ও তারবিয়তের ছায়াবৃক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ওলিউল্লাহ্ মুহাম্মাদ ||

একটি বৃক্ষ যেমন ছায়া দেয়, আশ্রয় দেয়, ফল দেয় এবং আশেপাশের পরিবেশকে নির্মল রাখে—একজন তালিমী মুরুব্বিও তেমনি তালিবে ইলমের জন্য এক ছায়াবৃক্ষসদৃশ আশ্রয়স্থল। ছাত্রজীবন শুধু বই মুখস্থ করা, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া কিংবা ডিগ্রি অর্জনের নাম নয়। বরং এটি এক গভীর আত্মগঠনের সময়কাল—যেখানে বাহ্যিক জ্ঞানের সঙ্গে সঙ্গে অন্তরের পরিশুদ্ধি, নফসের সংশোধন, চরিত্রের নির্মাণ ও আখলাকের গঠন আবশ্যক হয়ে দাঁড়ায়। এই প্রয়োজন পূরণ করতে গিয়ে একজন তালিমী মুরুব্বির দিকনির্দেশনা, নজরদারি ও সোহবত হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালিমের মাধ্যমে একজন ছাত্র জ্ঞান অর্জন করে, আর তারবিয়তের মাধ্যমে সে মানুষ হয়। এই তারবিয়ত তখনই পূর্ণতা পায়, যখন একজন অভিজ্ঞ, দরদি এবং রূহানী গভীরতা সম্পন্ন মুরুব্বির তত্ত্বাবধানে ছাত্র গড়ে ওঠে। তার কোমল হাতের স্পর্শে একজন ছাত্র আদর্শবান হয়, আদব-শিষ্টাচার শিখে, জীবনকে আলোকিত করে।