ভারতের বিরোধী দলগুলোর সদ্যগঠিত জোট ‘ইন্ডিয়া’ এবার কয়েকজন টেলিভিশন উপস্থাপককে বয়কটের ঘোষণা দিয়েছে। এই টকশো উপস্থাপকদের কোনো অনুষ্ঠানে ইন্ডিয়া ব্লকের কোনো নেতা বা প্রতিনিধি যাবেন না।
গত বুধবার জোটের প্রথম সমন্বয় কমিটিতে বৈরী গণমাধ্যম ও টকশো উপস্থাপকদের তালিকা তৈরি করার জন্য একটি উপ কমিটি করা হয়। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের বাড়িতে অনুষ্ঠিত সমন্বয় কমিটির এ বৈঠকে বৈরী টিভি অ্যাঙ্কর এবং শোগুলোর তালিকা করার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে এই সিদ্ধান্তটি নিয়েছি। আমরা এসব অ্যাঙ্করের বিরোধিতা করছি না। আমাদের তাঁদের কাউকেই ঘৃণা করি না। কিন্তু আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি। আমরা আমাদের ভারতকে ভালোবাসি।’
