গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত শতাধিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণে মানবিক সংকট নতুন উচ্চতায় পৌঁছেছে। চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বেইত লাহিয়া, জাবালিয়া এবং গাজার বিভিন্ন স্থানে অবস্থিত উদ্বাস্তু শিবিরে আবাসিক ভবনগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের দল মধ্যরাত থেকে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। হামলার তীব্রতার কারণে তারা এক হামলার স্থান থেকে আরেকটিতে দ্রুত ছুটে যাচ্ছে। বিশেষ করে উত্তর গাজায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
