আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে দুই লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুনে দক্ষিণ-পশ্চিম ফ্রান্স ও মধ্য স্পেনের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে উভয় দেশই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিরোন্দ ও লঁদ বিভাগ থেকে প্রায় ১ লাখ ৪১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চলে দাবানলের কারণে অন্তত ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সে কয়েক ডজন দমকলকর্মী আহত হলেও এখন পর্যন্ত দুই দেশেই কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাবানল এখন বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে। তার ভাষ্য, বাতাসের দিক পরিবর্তনের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি এখন একটি স্বয়ংসম্পূর্ণ বৃহৎ দাবানলে পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জরুরি সংকট মোকাবিলা ইউনিট সক্রিয় করার নির্দেশ দিয়েছেন এবং সেনাবাহিনীকে উদ্ধার ও দমকল কার্যক্রমে সহায়তার নির্দেশ দিয়েছেন।
ক্যাপ ফেরে উপদ্বীপের কাছে বুধবার শুরু হওয়া আগুনে এ পর্যন্ত ১৪০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। আগুনে ৫৩টি বাড়ি ও একটি ক্যাম্পসাইট ধ্বংস হয়েছে। প্রায় দেড় হাজার মানুষ নৌকায় করে নিরাপদ স্থানে সরে গেছেন। এদিকে স্পেনে একাধিক দাবানলের জেরে সরকার প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মাদ্রিদের পশ্চিমাঞ্চলে দুটি বড় দাবানল একীভূত হয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত আগুনে প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। মাদ্রিদের আঞ্চলিক সরকার এটিকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানলগুলোর একটি বলে উল্লেখ করেছে।
অন্যদিকে আভিলা প্রদেশে আরেকটি দাবানলে ৯০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, ভারী যন্ত্রপাতি ব্যবহারের সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়।
দুই দেশের কর্তৃপক্ষের মতে, তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে দাবানল দ্রুত ও ব্যাপক আকার ধারণ করছে।
স্পেনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী সারা আগেসেন জানান, চলতি বছরে ইতোমধ্যে ১ হাজার ১৪০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
আওয়ার ইসলাম/জেডএম
