রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের কেমব্রিজের নিউমার্কেট এলাকায় মরহুম হজরত মাওলানা আব্দুর রহমান বাওয়া (রহ.)-এর স্মরণে এক বৃহৎ খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আলেম-উলামা, সাধারণ মুসল্লি, নারী ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলনে লন্ডন, অক্সফোর্ড ও ব্ল্যাকবার্নসহ বিভিন্ন শহর থেকে আগত আলেমরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন মুফতি আবদুল মুতাকিম, ইমাম আতাউল্লাহ খান, মাওলানা উসমান তারিক, মাওলানা বিলাল খান, ইমাম ফজলুল ইসলাম, মুফতি জুবায়ের ও ইমাম আহমদ কাজী।

বক্তারা খতমে নবুয়তের আকিদার গুরুত্ব, তা সংরক্ষণের দায়িত্ব এবং মাওলানা আব্দুর রহমান বাওয়া (রহ.)-এর দ্বীনি ও দাওয়াতি অবদানের কথা তুলে ধরেন। তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সুহাইল বিন আব্দুর রহমান বাওয়া। বক্তব্যে তিনি তাঁর পিতার দ্বীনি জীবন, ইসলামের দাওয়াতে অবদান এবং খতমে নবুয়তের আকিদা রক্ষায় তাঁর নিরলস প্রচেষ্টার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি এ মিশন দায়িত্বশীলতা, প্রজ্ঞা ও আন্তরিকতার সঙ্গে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে বক্তারা বলেন, যুক্তরাজ্যের আইন ও সাংবিধানিক কাঠামোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মাওলানা আব্দুর রহমান বাওয়া (রহ.)-এর মিশন এগিয়ে নেওয়া হবে। মাওলানা সুহাইল বাওয়ার তত্ত্বাবধানে খতমে নবুয়তের আকিদা সংরক্ষণ, ইসলামের দাওয়াত এবং জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষে মাওলানা আব্দুর রহমান বাওয়া (রহ.)-এর মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, খতমে নবুয়তের আকিদার সংরক্ষণ এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্যও মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ