উপমহাদেশের বিশিষ্ট আলেম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও আকাবিরে উলামার স্মৃতিবাহক হজরত মাওলানা মু'তামাদ বিল্লাহ জান ওরফে জান মাওলভী সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
প্রখ্যাত এই মুহাদ্দিস পাকিস্তানের খাইবার পাখতুয়ার জামিয়া নোমানিয়া উতমানজাইয়ের সাবেক শাইখুল হাদিস। তিনি ‘জান মওলভী সাহেব’ নামে ব্যাপক পরিচিত ছিলেন।
মরহুম ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির, শাইখুত তাফসির ওয়াল হাদিস হজরত মাওলানা ইদরিস কান্ধলভী (রহ.)-এর খলিফা ও বিশিষ্ট শাগরিদদের অন্যতম। দীর্ঘদিন তিনি দ্বীনি ইলমের খেদমত, তাসাউফ-তরিকার শিক্ষা এবং ইসলাহি কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
তাঁর ইলম, তাকওয়া, আধ্যাত্মিকতা ও উম্মাহর কল্যাণে নিবেদিত জীবন তাঁকে অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত করেছিল।
তাঁর ইন্তেকালের খবরে আলেম-উলামা, ছাত্র, ভক্ত-মুরিদ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকবার্তা দেওয়া হয়েছে।
সূত্র: ইউএনএ নিউজ
জেডএম/
