মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নির্বাচন কমিশনার নিয়োগ আইন নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, ২০২৪ সালে সংসদে আইনটি উত্থাপনের সময়ই এর ত্রুটি তুলে ধরে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। এখন সেই আশঙ্কাই সত্য হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) উত্তর প্রদেশের আজমগড়ে দেওয়া বক্তব্যে ওয়াইসি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত কমিটিতে প্রধানমন্ত্রী ও তাঁর মনোনীত একজন মন্ত্রী থাকলে নিয়োগপ্রক্রিয়ায় সরকারের প্রভাব কীভাবে কমবে, সে প্রশ্ন তাঁরা সংসদে তুলেছিলেন।

তিনি জানান, সে সময় তিনি ও তাঁর দলের নেতা ইমতিয়াজ জলিল সংসদে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এ ব্যবস্থায় প্রধানমন্ত্রী নিজের পছন্দের ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ পাবেন। এতে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

নির্বাচন কমিশনারদের দেওয়া আইনি সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন ওয়াইসি। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা সম্ভব হলে নির্বাচন কমিশনারদের এমন সুরক্ষা দেওয়া হবে কেন, যার ফলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে?

ওয়াইসি বলেন, সংসদে দেওয়া তাঁদের বক্তব্য শুনলেই বোঝা যাবে, কেন তাঁরা আইনটির বিরোধিতা করেছিলেন।

তাঁর মতে, নির্বাচন কমিশনার নিয়োগের ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন, যাতে নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন থাকে এবং প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় থাকে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ