মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা আশঙ্কার কারণে জরুরি সতর্কতা জারি করার পর তা দ্রুত প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ‘জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থা’র মাধ্যমে নাগরিকদের সচেতন করে। সম্ভাব্য ঝুঁকির দরুন সাইরেন বাজিয়ে স্থানীয় অধিবাসীদের নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, নাজরান শহরে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিটের মাথায় তা তুলে নেওয়া হয়। পরবর্তীতে আভা শহর থেকেও একইভাবে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

তবে ঠিক কী কারণে এই আগাম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, সে সংক্রান্ত বিশদ বিবরণ প্রাথমিক সতর্কবার্তায় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো ধরণের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কি না, তাও নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে চলমান তীব্র বৈরিতার জেরে সাম্প্রতিক সময়ে সৌদিজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। হুথিরা সৌদির নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও সেসব হামলা প্রতিহতের খবর দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ