বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত এলাকায় ভারতীয় মুসলমানদের বাংলাদেশে পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। বিএসএফ বিভিন্ন সীমান্তে নারী-শিশুসহ মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রোতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমিয়ত সভাপতি বলেন, কুড়িগ্রাম, রৌমারী, নওগাঁ ও ঠাকুরগাঁও সীমান্তসহ বিভিন্ন এলাকায় পুশইনের ঘটনা ঘটছে। অনেক মানুষ দুই দেশের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি সিলেট সীমান্তেও বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জমিয়ত সবসময় সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে জাতির সামনে তুলে ধরবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করাও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, ২০২৭ সালের বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তিনি কর্মসংস্থান সৃষ্টির জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তার বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, বাংলাদেশকে জাতীয় স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হবে। তিনি চীনের সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অবকাঠামো ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশি পণ্যের জন্য আরও শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার আশা ব্যক্ত করেন।

সিলেট জেলা উত্তরের সভাপতি শাইখুল হাদিস আতাউর রহমান কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও বাহাউদ্দীন বাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুজিবুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ আলী, মাওলানা ইসমাইল খান, মাওলানা নিজাম উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, মুশতাক আহমদ খান, শায়খ শফিকুল হক সুরাইঘাটীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দুই অধিবেশনে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে নতুন ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

এতে শাইখুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী সভাপতি এবং মুফতি ইবাদুর রহমান কাসেমী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ