রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় আগামী অ্যাপারেলস লিমিটেডে কর্মরত নারী পোশাকশ্রমিক মিশু আক্তারের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

রোববার (১৮ অক্টোবর) দেওয়া বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে ওই নারী শ্রমিকের সঙ্গে এক কর্মকর্তার দুর্ব্যবহার ও মেশিনে আঘাত করার দৃশ্য দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা কর্মক্ষেত্রে শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এনেছে।

তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও শিল্পোৎপাদনের অন্যতম চালিকাশক্তি। অথচ কর্মক্ষেত্রে নিরাপত্তা, মানবিক আচরণ, অসুস্থ অবস্থায় চিকিৎসা এবং প্রয়োজনীয় ছুটির সুযোগ নিশ্চিত করা না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা কঠিন। কোনো শ্রমিকের সঙ্গে অবমাননাকর আচরণ কিংবা মানসিক বা শারীরিক নির্যাতনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় মিশু আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনায় কারও অবহেলা, দায়িত্বহীনতা বা নির্যাতনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ এবং আইন অনুযায়ী প্রাপ্য সব পাওনা নিশ্চিত করারও দাবি জানান তারা।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতারা তৈরি পোশাক কারখানাসহ দেশের সব শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও কর্তৃপক্ষের প্রতি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, নির্ধারিত কর্মঘণ্টা, অসুস্থতায় চিকিৎসা ও ছুটির সুযোগ এবং মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, শ্রমিকের জীবন ও মর্যাদার চেয়ে উৎপাদন বা মুনাফা বড় হতে পারে না। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ বজায় রাখা মালিকপক্ষের নৈতিক ও আইনগত দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ