নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রে নানা ধরনের সমস্যা ও সংকট তৈরি হবে বলেই মানুষ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকারের কাজ হলো সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং সেগুলো স্বীকার করে সমাধানের উদ্যোগ নেওয়া। কিন্তু বিএনপি সরকারের মধ্যেও সমস্যা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশালের মুলাদী উপজেলার পূর্ববাজারে ইসলামী যুব আন্দোলন মুলাদী উপজেলা শাখা আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফয়জুল করীম বলেন, সমস্যা ও সংকট স্বীকার করে নেওয়া সুশাসনের প্রধান ও প্রথম আলামত। স্বৈরশাসকরা সাধারণত কোনো সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চান না। বিএনপি সরকারের মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমস্যা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা বলে মনে হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের ফিরে আসাকে কেন্দ্র করে বহু গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদর দপ্তরেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খুলনা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত ১০ মাসে সেখানে ৭০ জনের বেশি মানুষ খুন হয়েছেন। এমনকি খুলনায় সরকারদলীয় নেতারাও পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্তের উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপন ও ব্যাখ্যার মাধ্যমে আত্মতৃপ্তিতে ভুগছেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘খারাপ সময়ের সঙ্গে তুলনা করে নিজেকে ভালো দেখানোর প্রবণতা থেকে বের হয়ে আসুন।’
বিদেশি গোয়েন্দাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথিত বৈঠকের প্রসঙ্গ টেনে শায়খে চরমোনাই বলেন, সরকারি দলের কাছে তথ্য আছে, বিরোধী দল নাকি বিদেশি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছে। আবার বিরোধী দলও বলছে, সরকারি দল বৈঠক করেছে—এমন নথি তাদের কাছে রয়েছে। তাহলে কি আমরা ধরে নেব, উভয় দলই বিদেশি গোয়েন্দাদের সঙ্গে সমঝোতা করে চলছেন?
ইসলামী যুব আন্দোলন মুলাদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন। এ ছাড়া বক্তব্য দেন মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, সহসভাপতি আলহাজ নেছার উদ্দীন, সেক্রেটারি আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
আইও/