ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি স্বীকার করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা যাবে না। বুধবার (১৯ জুন) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় প্রায় আট মাস ধরে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সেটির লক্ষ্য অর্জন করতে পারবে না দেশটি। এছাড়া আইডিএফ মুখপাত্রের এমন মন্তব্যে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আরও উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব কথা তুলে ধরা হয়েছে।
ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করার কাজ সোজা কথায় জনগণের চোখে ধুলো দেওয়া। হামাস একটি মত, হামাস একটি দল। এটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারব তারা ভুল করছেন।
হাগারি সতর্ক করে বলেছেন, ইসরায়েলি সরকার যদি বিকল্প খুঁজে না পায় তাহলে গাজা উপত্যকায় হামাসের অস্তিত্ব থাকবে।