নতুন করে রং করা হচ্ছে রাস্তাঘাট। বেড়েছে নিরাপত্তার কড়াকড়ি। সব মিলিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন টানটান উত্তেজনা। তাতে প্রত্যাশার সঙ্গে মিশে আছে উৎকণ্ঠা, উদ্বেগ ও কৌতূহল। হাজারো জিজ্ঞাসার উত্তাল ঢেউ বিশ্ববাসীর হৃদ-সমুদ্রে।
ইসলামাবাদে বসতে যাচ্ছে এমন এক বৈঠক, যার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।
ঠিক ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে হত্যা করে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। সেই হামলা থেকেই শুরু হয় এক যুদ্ধ, যাতে হাজারো মানুষ নিহত হয়েছেন, বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ—হরমুজ প্রণালি। জ্বালানির দাম আকাশ ছুঁইছুঁই।
