আন্তর্জাতিক ডেস্ক
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তারা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে। আমরা দারুণভাবে জিতেছি।
স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা যা করতে চায়, তা হলো দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।’
বর্তমানে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। তেহরানকে অর্থনৈতিকভাবে কাবু করতে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ইরানও তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না। ইরানের পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এ পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প আবারও দাবি করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।
ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান যে ইরান তার দাবিগুলো পূরণ করবে কি না। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে নতুন করে বোমা হামলা শুরু হতে পারে বলেও তার কর্মীদের জানিয়েছেন।
আইও/