আর কয়েক দিন পরই শুরু হচ্ছে হজের ফ্লাইট। গোটা বিশ্ব থেকে কাবার মেহমানরা ছুটে চলবেন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত। লম্বা এই সফরে ইবাদতের নিয়ম-কানুন জেনে নেওয়া প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যকীয়।
হজযাত্রীরা বাংলাদেশ ত্যাগ করার আগেই এই প্রস্তুতি সম্পন্ন করে নেবেন। প্রথমবারের মতো যাঁরা হজে যাচ্ছেন তাঁদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হতে যাচ্ছে। তাই যার যার মুয়াল্লিমের মাধ্যমে বা ভালো কোনো আলেমের তত্ত্বাবধানে হজের প্রশিক্ষণ নেবেন। হজের সময় বিশেষ করে ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ জিলহজ এই পাঁচ দিন কোথায় কিভাবে কোন কাজ করতে হবে—তা ভালোভাবে জেনে নেবেন।
কোথায় কোন দোয়া পড়তে হবে তা মুখস্থ করা কিংবা ছোট কোনো দোয়ার বই সঙ্গে রাখবেন। সফরে প্রয়োজনীয় জিনিসগুলো ল্যাগেজে করে অবশ্যই নিয়ে যাবেন। যেমন—পুরুষদের জন্য এহরামের কাপড় দুই সেট, দুই ফিতার জুতা বা স্যান্ডেল, সুগন্ধিমুক্ত সাবান, কেননা হজের সময় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ওষুধসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবেন।