সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ কর্তৃক আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে প্রেরণ করেছে।
তিনি বলেন, পুলিশ অফিসাররা সেদিন (১৪ জুন) রাত ৯টা পর্যন্ত ১৪৪ পাতার নথিপত্র তৈরি করেছে। রাত ১০টার সময় সংসদে বসে সেটি আমি সই করি। সেদিনই কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ে পাঠিয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রীকে আমি আনঅফিসিয়াল কপি দিয়েছি। পরেরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে। ওইদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে ট্রান্সলেট করে ডিপ্লোমেটিক ব্যাগে করে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে এবং লোকাল ইউএই অ্যাম্বাসিকে জানানো হয়েছে।
দুবাই থেকে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা সহজ হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে মনে করার বিষয় নয়, দেখার বিষয়। আগের যে কোনো সরকারের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতগতিতে কাজ করছে। ১২ জুন ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিবিকে ইমেইলে জানানো হয়েছে বেনজীর আহমেদকে তারা গ্রেফতার করেছে। আমাদের জারি করা রেড নোটিশের মাধ্যমে তারা বেনজীর আহমদকে গ্রেফতার করে। আমি সেদিন বিকেলেই জাতীয় সংসদে জাতিকে অবহিত করেছি। ওখানে আমি বলেছি ইমেইলে তারা অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে যেন আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেই বেনজীরকে দেশে ফিরিয়ে আনার জন্য।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করি দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকবো।
বেনজীর আহমেদের বিষয়ে নথি পাঠানোর পরে কোনো উত্তর এসেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা এখনো কিছু পাঠায়নি। তাদের দেশের আইন অনুসারে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া আছে। শুক্র-শনিবার সেই দেশে হলিডে। আজকের দিন গেলে আগামীকাল রোববার আমরা অফিসিয়ালি খোঁজ নেবো।
আরব আমিরাতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে কি না এবং কোন প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত আনা হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিবি ও ইউএই ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদের ইমেইলে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে। চুক্তি থাকুক আর না থাকুক ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও (ইউএই) সই করেছে। ইউএইর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে।
এই প্রক্রিয়ায় বেনজীর আহমেদকে ফেরত আনার ক্ষেত্রে কোনো জটিলতা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না জটিল হবে।
আইও