নিজস্ব প্রতিবেদক-
জাতীয় সংসদে বাজেট আলোচনা চলাকালে বুধবার (২৪ জুন) পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় উভয় পক্ষের বক্তব্যে সংসদ অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
আলোচনার একপর্যায়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা একদিকে বাজেটে বরাদ্দ দাবি করেন, অন্যদিকে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেন। বক্তব্যের সমর্থনে তিনি পবিত্র কোরআনের সূরা ইবরাহিমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেন এবং এর বাংলা অর্থ তুলে ধরেন।
পরে তিনি বলেন, বাজেট, উন্নয়ন বরাদ্দ এবং সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানান।
সরকারি দলের এ বক্তব্যের জবাবে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ নাজিবুর রহমান আপত্তি জানান। তিনি বলেন, কোরআনের আয়াতকে রাজনৈতিক প্রেক্ষাপটে এভাবে ব্যাখ্যা করা সঠিক নয়। তার ভাষায়, সরকারের প্রশংসা করলে সুযোগ-সুবিধা বাড়বে আর সমালোচনা করলে শাস্তি দেওয়া হবে— এমন ধারণার সঙ্গে কোরআনের আয়াতের কোনো সম্পর্ক নেই।
বিতর্কের বিষয়টি নিয়ে পরে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তারা নিজ নিজ অবস্থান থেকে বিষয়টির ব্যাখ্যা তুলে ধরেন।
কোরআনের আয়াতের ব্যাখ্যা ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে সংসদে সৃষ্ট এ বিতর্ক রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
আইও/