বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী আয়োজিত দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬ শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ বৈঠক শেষ হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এতে সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্যাসিফিক আর্মি কমান্ডের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।