নিজস্ব প্রতিবেদক:
কওমি ঘরানার ইসলামি দলগুলো নিয়ে জোটের আলোচনার মধ্যেই আজ শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে ১১ দলীয় নির্বাচনি ঐক্যে থাকা-না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
খেলাফত মজলিসের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই দলটি ১১ দলীয় জোটের কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশেও অংশ নিচ্ছে না খেলাফত মজলিস। এমনকি সমাবেশের ব্যানারেও দলের নাম বা কোনো নেতার নাম ব্যবহার না করার জন্য আগেই জোটের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রের দাবি, শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে ১১ দলীয় ঐক্যে থাকা-না থাকার বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত আজকের মজলিসে শূরার বৈঠকে উপস্থাপন করা হবে। শূরা সদস্যদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।
সম্প্রতি কওমি ঘরানার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার কয়েকটি ইসলামি দলের নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। ইতোমধ্যে খেলাফত আন্দোলন ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেছে। এবার খেলাফত মজলিসও সে পথেই হাঁটছে।
আওয়ার ইসলাম/জেডএম
