নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদবিরোধী জনমত সুদৃঢ় করার আহ্বান জানিয়ে রাজধানীতে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।
বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
সভাপতির বক্তব্যে মাওলানা লোকমান মাযহারী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর কৃতিত্ব নয়; বরং ছাত্রসমাজ, আপামর জনসাধারণ, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। তিনি বলেন, এ আন্দোলনে ছাত্র জমিয়ত, যুব জমিয়ত এবং জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক শক্তির দাবি করা যেমন সমীচীন নয়, তেমনি দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থানও জনগণ মেনে নেবে না। তারা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মিরপুর মডেল থানা শাখার সভাপতি মুফতি ফজলে ইলাহী, দারুস সালাম থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ ও মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম, মিরপুর মডেল থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, রূপনগর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, শাহ আলী থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ খালেদ, মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী, মাওলানা আল আমীন, যুব নেতা মাওলানা ফায়্যায, মাওলানা তৌফিকুল ইসলাম এবং ছাত্রনেতা হাফেজ মাওলানা কাউসার, মাওলানা মুহাম্মদ ত্বকী ও মাওলানা সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেন। র্যালিটি মিরপুর-১ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি হয়।
এসএইচ/