নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সংকটে জর্জরিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে মাওলানা মামুনুল হক বলেন, ৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই; কোনো আংশিক সংশোধন আমরা মানব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সেই রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব।
প্রতিবেশী একটি দেশের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, রাজনৈতিকভাবে পরাজিত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় ও সুরক্ষা দেওয়া এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন জানানো দুঃখজনক।
ফেনী জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
এসএইচ/