রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


অনুদানের তালিকায় মেয়ের নাম, সেই এমপিকে সতর্ক করল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় নিজের এক মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আতাউর রহমান (বাচ্চু)কে দলীয়ভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নিজের ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন তিনি।

রোববার (২৮ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এবং সংসদ সদস্যের স্বাক্ষরিত পৃথক আদেশপত্রে এ তথ্য জানানো হয়।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের বরাত দিয়ে বলা হয়, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের বিরোধী দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে দলীয়ভাবে সতর্ক করা হয়েছে।

এর আগে সচিবালয় থেকে অনুমোদিত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় দুটি স্থানে তাঁর এক মেয়ের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি আলোচনায় আসে।

অন্যদিকে, একই দিন সংসদ সদস্য আতাউর রহমান তাঁর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্তের আদেশ জারি করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই আদেশপত্র প্রকাশ করেন।

বরখাস্তের আদেশে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৮ জুন থেকেই এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ