আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় যুব কনভেনশন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বশেষ প্রস্তুতি নিয়ে জরুরি সভা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
সভায় জাতীয় যুব কনভেনশনের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী যুবকদের শৃঙ্খলা, মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনা এবং অতিথি অভ্যর্থনাসহ বিভিন্ন কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, জাতীয় যুব কনভেনশনকে কেন্দ্র করে সারাদেশের পরিবর্তনকামী তরুণদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। কনভেনশন সফল করতে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘যুবকদের শক্তি, মেধা ও উদ্যমকে ইতিবাচক পরিবর্তনের পথে কাজে লাগানোর প্রত্যয় নিয়েই আমাদের এই আয়োজন। ইনশাআল্লাহ, জাতীয় যুব কনভেনশন তরুণ সমাজের সামনে নতুন বার্তা তুলে ধরবে।’
সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী বলেন, কনভেনশনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব দায়িত্ব সম্পন্ন করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় যুব কনভেনশন সফল করতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
এসএইচ/