স্টাফ রিপোর্টার : ইসলামে গুপ্তহত্যা, অতর্কিত সন্ত্রাসী হামলা, গুম, খুন, বৃদ্ধ, মহিলা ও শিশুহত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। কোটি কোটি মানুষকে আতঙ্কের মধ্যে রেখে দেশে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা আদৌ সম্ভব নয় বলেও দাবি করে সংগঠনটি ।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ।
সংবাদ সম্মেলনে বাবুনগরী বলেন, একটি সংঘবদ্ধ গুপ্তঘাতকচক্র দেশে সিরিজ টার্গেট কিলিং-এ মেতে উঠেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। সর্বশেষ হত্যাকাণ্ডে দেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের কয়েকজন লোক যুক্ত হয়েছেন। পাবনার অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমে নিত্যরঞ্জন পাণ্ডে নিহত হওয়ার পর ভারতীয় হাইকমিশনের কূটনীতিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত সপ্তাহে চট্টগ্রামের জিইসির মোড়ে পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু প্রকাশ্য দিবালোকে রাজপথে সন্ত্রাসীদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন। গত কয়েক বছরে দেশে যেসব গুম, খুন, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে দেশবাসী শঙ্কিত ও আতঙ্কিত। রাষ্ট্রীয় নিরাপত্তার অধীনে একজন মানুষও আঁততায়ী, সন্ত্রাসী বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিনা বিচারে নিহত হোক, এটা কোনো বিবেকবান মানুষ কামনা করে না। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ইসলামের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কতিপয় ইসলামবিদ্ধেষী চক্র পরিকল্পিতভাবে ইসলাম ও সন্ত্রাসবাদকে একাকার করে মুসলমানদের কলঙ্কিত করতে চায়।
হেফাজত নেতা বলেন, দেশের কোটি কোটি মানুষকে আতঙ্কে রেখে দেশে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা আদৌ সম্ভব নয়। সারাবিশ্বেই সন্ত্রাসবাদ রাষ্ট্রযন্ত্রের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সন্ত্রাস দমনের নামে একসাথে হাজার হাজার মানুষকে গ্রেফতার ও হয়রানি করার নজির আর কোথাও নেই। আইà¦