
মনরি প্রধান; আওয়ার ইসলাম
চার
ডিসকভারি চ্যানেলে চমৎকার অনুষ্ঠান হচ্ছিল। গভীর জঙ্গলে হারিয়ে গেলে কীভাবে বেঁচে থাকতে হবে তাই অনুষ্ঠানের উপজিব্য বিষয়। মানুষটা পোকামাকড় ধরে, সাপ বিচ্ছু ধরে অনায়াসে খেয়ে ফেলে। দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। আশপাশের চোখে পড়ে না এমন জিনিসগুলোও চমৎকারভাবে কাজে লাগায় লোকটা। অন্য সময় রওশন আরা মনোযোগ দিয়ে অনুষ্ঠানগুলো দেখেন। ডিসকভারিতে এই লোকের মাঝে মাঝেই অনুষ্ঠান প্রচারিত হয়। লোকটার নাম রওশন একবার কার কাছে যেন শুনেছিলেন। বোধহয় কঠিন টাইপের নাম। মনে নেই। অনুষ্ঠান দেখার সময় লোকটার বিচক্ষণতা দেখে কেবলই নাম জানতে ইচ্ছে করে। অনুষ্ঠান শেষ হলে পরে আর মনে থাকে না।
সাইফুল সোফায় হেলান দিয়ে বসে ছিল। একটু দূরেই রওশন। রাত সাড়ে বারোটার কাছাকাছি। ঘরে অন্য কেউ নেই। সাইফুল কয়েকবার চেষ্টা করেছিল, নাজমুল হুদার সাথে শেষ পর্যন্ত আলাপ জমে ওঠেনি। তিনি ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। রওশন কয়েকবার বলেন, সাইফুল, যা শুয়ে পড়। মাসুমা একা একা। মন খারাপ করবে। সাইফুল বলে, না আপা, ও আলাদা রকম। গিয়ে দেখো, নাক ডেকে ঘুমোচ্ছে।
কী আশ্চর্য, মাসুমা নাক ডাকে নাকি?
আরে নাহ, কথার কথা বললাম।
তারপর অনেকক্ষণ দু’ভাইবোন কারো মুখে কথা নেই। যেন একটি শূন্য ঘর। কেউ নেই এখানে। কেবল একটা নীরবতা প্রকটভাবে তার অস্তিত্বের ডালপালা মেলে ধরে রাখে। কিংবা না বলতে পারা কথাগুলোকে নীরবতার তরজমায় রূপ দেয় দু’জন। হৃদয় থাকলে নীরবতার ভাষা বোঝা এমন কিছু কঠিন কাজ নয়।
সাইফুল বলে, আপা, দুলাভাই বোধহয় কোনো কারণে আনইজি ফিল করছে। আমাকে সহজভাবে নিতে পারছে না। এর আগে কিন্তু এমন দেখিনি কখনো।
না সাইফুল, এটা তোর মনের ধারণা কেবল। বাস্তব এমন কিছু নয়।
মনের ধারণা নয় আপা। সেটা আমি যেমন বুঝতে পারছি তুমিও তেমন বুঝতে পারছো। আপা, কিছু বিষয় আমরা অর্থহীনভাবে এড়িয়ে যাবার চেষ্টা করি। যেতে পারলেও লাভ কি হয়? অশান্তিটুকু মনের ভেতর ঠিকই দানা বেঁধে থাকে। বলো তো ব্যাপারটা কি?
চোখে একটা অসহায়ত্ব এনে রওশন চেয়ে থাকে সাইফুলের দিকে। সে কি করে বলবে- সাইফুল আজ রাত আমাদের বিছানায় জেগে কাটানোর রাত। সপ্তাহে নির্দিষ্ট দু’দিনই আমরা বিছানায় যাই। সোমবার, বৃহস্পতিবার।
সাইফুল রওশনের চোখের অসহায়ত্ব বুঝতে পারে না। সে প্রশ্নের উত্তর পেতে চায়। দুলাভাইয়ের আচরণে যে অপমানিত সে হয়েছে, তার কারণটুকু জানতে চাওয়ার ইচ্ছা বড় হয়ে ওঠে। অন্য কারো চোখের ভাষা বুঝতে পারা নয়।
তোরা তো জানিস সাইফুল, তোদের দুলাভাই খুব সেনসেটিভ। কী নিয়ে কখন কি মনে করে বসে আগ থেকে বলা যায় না। হয়তো আজ বিকেলে তোকে জড়িয়ে ধরাটা সে মেনে নিতে পারেনি। রওশন এইটà§