মাহমুদ সিদ্দিকী
মানবিক ক্রোধ, বোধ, দ্রোহ, প্রেম, দহন, বিমানবিকতা এবং আধ্যাত্মিকতা, সবকিছুর সম্মিলন যে ভুবনে ঘটে তার নাম কবিতা। এ সবকিছু ভেতরে লালন করেন যিনি, অতপর ভাবনা ও যাতনাসহ সুনিপুণ শব্দকারিগরের ন্যায় শব্দ পিটিয়ে-পিটিয়ে ভাবনাকে কবিতার মোহনিয়া শরীরে গড়েন, তিনি কবি।
কবিতায় আধ্যাত্মিকতা অনেক প্রাচীন বিষয়। জালালুদ্দিন রুমি, শেখ সাদিরা কবিতায় আধ্যাত্মবাদকে অনেক উর্ধ্বে নিয়ে গেছেন। রুমি-সাদির আধ্যাত্মবাদ এশিয়া-ইউরোপে সর্বজনবিদিত এবং নন্দিত। ইউরোপের তরুণরাও আজকাল রুমির আধ্যাত্মিক বাণীসম্বলিত টিশার্ট পরে ঘুরে বেড়ায়।
আরবি-উর্দু-ফারসি কবিতায় আধ্যাত্মিক প্রেমের উপস্থিতির প্রতুলতা থাকলেও বাংলা কাব্যে অপ্রতুল। ফররুখ ইসলামি রেনেসাঁর কবি হতে পারলেও আধ্যাত্মিক কবি নন। বলা যায়, বাংলা কাব্যে এই জায়গাটায় শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতা হয়ত একদিন তরুণদের হাত ধরেই পূর্ণতা লাভ করবে।
বাংলা কবিতায় আধ্যাত্মিকতা নিয়ে দীর্ঘদিন যাবত আড়ালে থেকে কাজ করে যাচ্ছেন তরুণ কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর। সালাহউদ্দীন জাহাঙ্গীর একজন প্রতিভাধর শিল্পী। কাজ করেছেন বিভিন্ন মাসিক সাহিত্য কাগজে। তার সম্পাদনায় বর্তমানে নবধ্বনি সাহিত্য কাগজ বের হয়। ছিলেন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা লিখনীর সহ-সম্পাদক।
আধ্যাত্মিকতা ও প্রেম নিয়ে তার দীর্ঘদিনের নিভৃত কাজের ফসল সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থ 'ইয়া আফরোজা ইয়া আফরোজা।' গুণী প্রচ্ছদশিল্পী কাজী যুবাইর মাহমুদের করা প্রচ্ছদে 'ইয়া আফরোজা ইয়া আফরোজা' প্রকাশ করেছে 'ফেস্টুন।' বইটির গায়ের মূল্য ১৮০ টাকা।
কাব্যগ্রন্থটির পাঠ-উন্মোচন হয়েছে গত ৮ এপ্রিল রাত বারোটার কিছু আগে, একটু ভিন্নভাবে। গ্রন্থটির পাঠ-উন্মোচন হয়েছে নৌকায় চড়ে পিদিমের স্বল্প আলোয় নদীর মৃদু ঢেউয়ে দুলতে দুলতে। আকাশে পূর্ণিমার চাঁদ, চাঁদে-মেঘে লুকোচুরি খেলা, বাতাসে উড়ছে এলো চুল। সুবিশাল আকাশের নিচে নদীর মৃদু ঢেউয়ে দুলছে ক'জন কাব্যরসিক তরুণ, হাতে 'ইয়া আফরোজা ইয়া আফরোজা', সাথে প্রাণচঞ্চল কবি। আধ্যাত্মিক কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচনের জন্য যুৎসই সময় এবং স্থান। কবি এর নাম দিয়েছেন 'নৌকান্মোচন।'
অনাড়ম্বর প্রাণপ্রাচুর্যে পূর্ণ এক কাব্যিক পরিবেশে 'ইয়া আফরোজা ইয়া আফরোজা'র পাঠ-উন্মোচনে কবিতাপাঠ শুরু করে তুহিন খান। রোদেলার চশমা দিয়ে আবৃত্তি শুরু হয়ে নদীর ঢেউয়ে দুলতে দুলতে, সময়ের স্রোতে ভাসতে ভাসতে দীর্ঘ সময় কেটে যায়। কবিতাপাঠে মুগ্ধ হয়ে শ্রোতাদর্শক হর্ষধ্বà¦