উবায়দুর রহমান খান নদভী
শিক্ষাবিদ ও সাংবাদিক
এক সময় ৯২ ভাগ মানুষের ধর্ম ইসলাম এ দেশের মিডিয়ায় ছিল খুবই অবহেলিত। কী এক অঘোষিত নিষেধাজ্ঞা যেন জারি করা ছিল ইসলাম ও মুসলমান সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের উপর। একবার একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে ‘মাশাআল্লাহ’ শব্দটিও দু’একবার প্রচারের পর কেটে দিতে হয়েছিল। একটি বেসরকারি বিমান সংস্থা সফরের দোয়া সুবহানাল্ লাজি সাখখরা লানা হাযা... পড়তে মানা করে দিয়েছিল কেবিন ক্রুদের। যেটি বাংলাদেশ বিমানসহ দেশের প্রতিটি প্রাইভেট বিমান কোম্পানি পড়ে থাকে। সে কোম্পানি অবশ্য লোকসান দিতে দিতে এখন ব্যবসায় লালবাতি জ্বালিয়ে চলে গেছে।
আলেম উলামারা কেবল এক সময় অধিবেশনের শুরুতে তিলাওয়াত ইত্যাদিতেই ছিলেন। ইফতার, সাহরি ও নিছক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেই তাদের দেখা যেত। বর্তমানে আল্লাহর রহমতে ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ হয়ে মানুষ তাদের দেখে টিভির পর্দায়।
সারা বিশ্বে পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াত একটি ইসলামি সংস্কৃতি। বিশ্বের প্রায় দু’শ কোটি মুসলমান এটি পালন ও উৎযাপন করেন। রমজান মাস এর ভর মওসুম। পৃথিবীর দেশে দেশে লক্ষ কোটি কিয়ামুল্লাইল, কোরআন খতম, তারাবি ও তাহাজ্জুদের জামাতে অসংখ্য অগণিত বার কোরআন পাঠ হয়।
বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ এখন কোরআনের অনন্য বাগান। গত ২৫ বছর ধরে বাংলাদেশে হিফজুল কোরআন শিক্ষা এতই উৎকর্ষ লাভ করেছে যে মক্কা, মদীনা, মিসর, জর্ডান, কাতার, কুয়েতসহ আরব জাহানের নানা জায়গায় অনুষ্ঠিত কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশ ১ম ২য় ও ৩য় স্থান অধিকার করছে ধারাবাহিকভাবে। এর মধ্যে প্রথম হওয়ার পরিমাণই সবচেয়ে বেশি। বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের বড় বড় সব হোটেল, সম্মেলন কেন্দ্র, প্রাসাদ ও অনুষ্ঠানস্থলে যখন পতপত করে ওড়ে তখন বাংলাদেশের আলেম উলামা পীর মাশায়েখ হাফেজ কারী ও ধর্মপ্রাণ নাগরিকদের বুক গর্বে ফুলে ওঠে। স্বাধীনতা তাদের কত বড় সম্মান, স্বকীয়তা ও আত্মপরিচয় দান করেছে, তা ভেবে তারা আনন্দিত হন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদদের। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের।
যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ অনুল্লেখযোগ্যই রয়ে গেছে। বহু কাঠখড় পুড়িয়ে নিত্য তামা অথবা ব্রোঞ্জ জয় করা দেশ কিছু একটা করে দেখালেই জাতি স্পà