শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রচার করা উচিত নয়। এমনকি কোনো তথ্য সত্য হলেও তা প্রকাশের আগে এর সম্ভাব্য প্রভাব ও পরিণতি বিবেচনায় নিতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। বয়ানে দীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার আদায়, সংবাদ যাচাই এবং সাংবাদিকতার শরয়ি নীতিমালা নিয়ে আলোচনা করেন তিনি।

মুফতি আব্দুল মালেক বলেন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন পরিমাণ দীনি জ্ঞান অর্জন করা অপরিহার্য। পরিবারের প্রতিটি সদস্যের কোরআন তিলাওয়াত, নামাজ, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ এবং আল্লাহর ফরজ ও নিষিদ্ধ বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা দরকার। কোনো বিষয়ে না জানলে আশপাশের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তা শিখে নিতে হবে।

প্রতিবেশীর অধিকার সম্পর্কে তিনি বলেন, প্রতিবেশী বলতে শুধু পাশের ফ্ল্যাট বা লাগোয়া বাড়িতে বসবাসকারী ব্যক্তিকে বোঝায় না। একই ভবনের অন্যান্য পরিবার, আশপাশের ভবন এমনকি আরও দূরের মানুষও প্রতিবেশীর অন্তর্ভুক্ত হতে পারেন। প্রতিবেশীদের পরিচয় জানা, যোগাযোগের নম্বর সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়ানো উচিত।

তিনি বলেন, প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতা করা, অভাবের সময় পাশে থাকা কিংবা কোনো পরিবার সমস্যায় পড়লে তাদের খোঁজখবর নেওয়া প্রতিবেশীর অধিকারের অংশ। অথচ আধুনিক জীবনযাত্রায় মানুষ ক্রমেই এসব দায়িত্বের বিষয়ে উদাসীন হয়ে পড়ছে।

সংবাদ ও তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতার গুরুত্ব তুলে ধরে খতিব পবিত্র কুরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ এলেই তা যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। প্রথমে এর সত্যতা নিশ্চিত হতে হবে। যাচাই না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখালে নিরপরাধ মানুষের ওপর জুলুম হওয়ার আশঙ্কা থাকে। পরে তথ্যটি মিথ্যা প্রমাণিত হলে অনুশোচনা করতে হয়।

তিনি বলেন, আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হতো। কিন্তু এখন মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে দেওয়া সম্ভব। অনেকেই সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করছেন। এসবের কোনো কোনোটি আবার এআই দিয়ে তৈরি।

সাংবাদিকতার ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা তুলে ধরে মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা সমীচীন নয়। অভিযোগের সত্যতা ও প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, কোনো তথ্য সত্য হলেও সব তথ্য প্রকাশ করা উচিত নয়। সেটি প্রকাশের ফলে জাতি বা উম্মাহর কোনো কল্যাণ হবে কি না, কিংবা প্রকাশের কারণে আরও বড় ক্ষতি বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না, তা বিবেচনায় নিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে খতিব বলেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কুরআন-সুন্নাহ ও ইসলামি ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো শেখা এবং পেশাগত কাজে বাস্তবায়ন করা প্রয়োজন। সাংবাদিকেরা এসব নীতিমালা অনুসরণ করলে সমাজ সংশোধন, অন্যায় দূর করা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

যাচাই ছাড়া তথ্য প্রচারের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন। হাদিসটির মর্মার্থ হলো, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে বেড়ায়।

তিনি বলেন, মোবাইল ফোনে পাওয়া তথ্য যাচাই না করেই শেয়ার করাও এ সতর্কবাণীর অন্তর্ভুক্ত। কেউ বলতে পারেন, তিনি নিজে মিথ্যা বলেননি, শুধু অন্যের পাঠানো তথ্য প্রচার করেছেন। কিন্তু তথ্যটি সত্য কি না, তা যাচাই না করে ছড়িয়ে দেওয়ার দায় এড়ানোর সুযোগ নেই।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ