নিজস্ব প্রতিবেদক
দেশবরেণ্য আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দুই দিনব্যাপী ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া এ সম্মেলন শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। সম্মেলনে আগামী বছরের ৮৮তম আসরের তারিখও ঘোষণা করেছে জামিয়া কর্তৃপক্ষ।
দুই দিনব্যাপী সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জামিয়া ক্যাম্পাস ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন ধারার শীর্ষস্থানীয় আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বের অংশগ্রহণ এবারের সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করে।
বৃহস্পতিবার বাদ জোহর জামিয়ার তাজবিদ বিভাগের শিক্ষার্থীদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর রাজঘাটা মাদরাসার সদর আল্লামা শামছুল ইসলামের উদ্বোধনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে কোরআন-সুন্নাহর শিক্ষা, ঈমান-আকিদা, আত্মশুদ্ধি, ইসলামী জীবনব্যবস্থা, পরিবার ও সমাজ গঠন, দাওয়াত, নৈতিকতা এবং সমকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন দেশের বরেণ্য আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারকসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেম ও ইসলামী নেতারা।
এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। তার উপস্থিতিতে জামিয়া কর্তৃপক্ষ ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে আলেম-উলামার ভূমিকা নিয়েও গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার বিকেলে জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম পীরে কামেল আল্লামা মাওলানা সালাহউদ্দীন নানুপুরীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে।
সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি একরাম হোসাইন অদুদী বলেন, মহান আল্লাহর অশেষ দয়া ও রহমতে সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশ-বিদেশের আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি, জামিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামিয়া কর্তৃপক্ষ।
আগামী বছরের সম্মেলন ২৫ ও ২৬ নভেম্বর
এবারের সম্মেলনের সমাপনীতে আগামী বছরের ৮৮তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০২৭, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশের আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে আগাম আমন্ত্রণ জানিয়েছে জামিয়া কর্তৃপক্ষ।
বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণ, দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনায় এবারের সম্মেলন জামিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এসএইচ/