শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পীর সাহেবের উদ্বোধনী বয়ানে শুরু তিন দিনব্যাপী চরমোনাইয়ের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উদ্বোধনী বয়ান ও আত্মশুদ্ধির আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে চরমোনাইয়ের তিন দিনব্যাপী ঐতিহাসিক বার্ষিক অগ্রহায়ণের মাহফিল। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা আমিরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

চরমোনাই মাদরাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে আয়োজিত মাহফিলের উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি; বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আল্লাহমুখী করাই এ মাহফিলের মূল লক্ষ্য। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই। কেউ এমন নিয়ত নিয়ে এসে থাকলে তা পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, যারা নতুন এসেছেন, তারা অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করবেন। অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়েই মাহফিল থেকে বিদায় নিতে হবে।

উদ্বোধনী বয়ান শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।

মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ এবং নামাজের নিয়ম-কানুন হাতে-কলমে শেখানোর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় ভাগ করে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রয়েছে।

চারটি মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক। নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প। মুসল্লিদের খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন।

মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে পাঁচটি পেশ করবেন আমীরুল মুজাহিদীন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি দুটি বয়ান পেশ করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম শেষ হবে।

উল্লেখ্য, ১৯২৪ সালে চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয়। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ