নিজস্ব প্রতিবেদক
দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে আলেম-ওলামার রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি; দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই যারা মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদরাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন।
তিনি আরও বলেন, যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। তাদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে।
জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদরাসার অবদানের কথা স্মরণ করে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাদরাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিলেন, সেদিনই হাসিনার পতন হয়েছিল। তারাও সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদের পতনে মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য।
মাদরাসার মহাপরিচালক মুফতি একরামুল হক ওদুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া, মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আশহাদ রশিদী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক ও মাওলানা খলিল আহমদ কাসেমী প্রমুখ।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ মহাসম্মেলনকে কেন্দ্র করে মাদরাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বাদ আসর মাদরাসার মুহতামিম মুফতি একরামুল হক ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসএইচ/