জহির উদ্দিন বাবর
আলেম ও সাংবাদিক
বর্তমান সময়ে মিডিয়ার প্রভাব কতটা বেশি সে সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। আজকের যুগ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে মিডিয়া। এজন্য এই সময়ে মিডিয়াকে অনেকে ‘দ্বিতীয় খোদা’ বলে অভিহিত করেন। আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপটে বরাবরই মিডিয়া ইসলামপন্থীদের সঙ্গে বৈরী আচরণ করে থাকে। তাদের গায়ে রঙ লাগানো, ভিন্নভাবে উপস্থাপন মিডিয়ার রুটিন কাজ। ইসলামপন্থীরা মিডিয়ার একটি কাটতি আইটেম। আমরা চাই আর না চাই মিডিয়া ইসলামপন্থীদের পেছনে লাগবেই। কারণ অনেকের রুটি-রুজির ব্যবস্থা হচ্ছে এর মাধ্যমে। আর বাস্তবতা হলো আমরা চাইলেও মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবো না। তাই বাস্তবতা মেনে নিয়ে মিডিয়াকে নিজেদের করে নেয়াই বুদ্ধিমানের কাজ।
একটা সময় আমরা এ ব্যাপারে উদাসীন থাকলেও এখন আর নই। আমাদের মুরব্বিরা অনেকেই মিডিয়া নিয়ে ভাবছেন। মিডিয়া করার প্রয়োজনীয়তা বোধ করছেন। মাদরাসায় পড়াশোনা করে মিডিয়ার মতো ভিন্ন জগতে যুক্ত হওয়াকে আগে বাঁকা চোখে দেখলেও এখন আর সেটা দেখা হচ্ছে না। আগে মাদরাসাগুলোতে বাংলা চর্চা নিষিদ্ধ থাকলেও এখন অনেক মাদরাসার তত্ত্বাবধানে নিয়মিত বাংলা চর্চার ব্যবস্থা হচ্ছে। সবমিলিয়েই লেখালেখি, সাহিত্য ও মিডিয়ার ব্যাপারে আলেম-ওলামার দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন এসেছে।
মাতৃভাষা চর্চায় আমরা দীর্ঘদিন পিছিয়ে ছিলাম। প্রয়োজনীয়তা অনুভব করার পর এখন মাশাআল্লাহ মাতৃভাষা চর্চার পরিমাণ একটা আশানুরূপ পর্যায়ে এসে পৌঁছেছে। সময় সচেতন প্রত্যেক আলেমই এখন কোনো না কোনোভাবে মাতৃভাষা চর্চা করছেন। আর কিছু না হোক, অনন্ত মাতৃভাষায় লিখে মনের ভাবটুকু প্রকাশের মতো সামর্থ্য নবীন আলেমরা অর্জন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো উন্মুক্ত প্রান্তরে লেখালেখির অবারিত সুযোগ পেয়ে এখন প্রত্যেকেই কমবেশি লিখছেন, নিজের চিন্তাগুলো লিখিত আকারে প্রকাশ করছেন। বাংলা ভাষা চর্চায় এটাও একটি ইতিবাচক দিক।
আমাদের অনেকেই এখন মূলধারার মিডিয়ায় কাজ করছেন। নতুন করে অনেকেই যুক্ত হচ্ছেন। মিডিয়ায় মাদরাসাপড়–য়াদের অংশগ্রহণ দিন দিন বেড়ে চলেছে। এই উত্তরণ অবশ্যই আশা জাগানিয়া। তবে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলার মতো কোনো অবস্থানে আমরা এখনো পৌঁছাইনি। কারণ আমাদের যারা মিডিয়ায় কাজ করছেন তার এখনো মিডিয়