একটি বইয়ে আমি লিখেছি: ‘আমার জীবনে সবকিছুই এসেছে দেরি করে। শৈশব এসেছে দেরি করে, কৈশোর এসেছে দেরি করে, যৌবন এসেছে দেরি করে, প্রৌঢ়ত্ব এসেছে দেরি করে। কাজেই বার্ধক্যকে যদি আসতেই হয়, তবে তাকে আমার মৃত্যুর পরেই আসতে হবে।’
চৌকস মানুষেরা যেরকম, আমি ঠিক সেরকম নই। সামান্য জিনিস বুঝতেও আমার সময় লাগে। প্রতিভাধর মানুষের মতো ভূমিষ্ঠ হয়েই আমি বই পড়তে শুরু করিনি। এ শুরু হয়েছে অনেক পরে, আমার কলেজজীবনে। স্কুলে পড়ার সময় আমার বড় বোন পাবনায় অন্নদাশঙ্কর পাবলিক লাইব্রেরির সদস্য ছিলেন।
প্রতি সপ্তাহে সেখান থেকে তাঁর জন্য দুটো করে উপন্যাস নিয়ে আসতাম। প্রথম শৈশবে এটুকুই বইয়ের সঙ্গে আমার যোগাযোগ। বোনের ওই বইগুলো আমাকে পড়তে দেওয়া হতো না।
সেসব ছিল মূলত উপন্যাস। ওগুলোতে নাকি নারী-পুরুষের কীসব রহস্যময় ব্যাপার-স্যাপার থাকে। পড়লে চরিত্র খারাপ হয়। বড় আপার চরিত্র উন্নয়নে সেগুলো সম্ভবত খুবই সহায়ক ছিল। কারণ, তাঁকে সারা সপ্তাহ ধরে শুধু ওসব বই-ই পড়তে দেখতাম।
বই আমি আগেও অনেকবার দেখেছি, তবে তা প্রথম কখন অনন্য মোহ ছড়িয়ে আমার নজর কাড়ল, তার একটা স্মৃতি মনে পড়ছে। তখন আমি ফাইভে পড়ি। আব্বা খুবই পড়াশোনা করতেন। দোতলার কোনায় ছিল তাঁর একান্ত পড়ার ঘর। আমরা প্রায় কেউই সে ঘরে যেতাম না।
একদিন আব্বা আমাকে সেখানে ডেকে পাঠালেন। ঘরে গেলে আব্বা আমাকে জীবন সম্পর্কে বেশ কিছু ‘সারবান’ কথা বললেন। কিছু তার মনে আছে, কিছু নেই। তবে সেসব কথার চেয়ে যা আমাকে সেদিন অনেক বেশি টেনেছিল তা হলো, তাঁর ঘরভর্তি বইয়ের বিশাল ভাণ্ডার।
ওই ঘরটা ছিল পাঁচ দেয়ালের। দেখলাম, সবগুলো দেয়ালে শেলফভর্তি রং-বেরঙের অজস্র বই। যেদিকে তাকাই শুধু বই। আমি তখন ছোট, তুচ্ছকেও সে বয়সে অসামান্য লাগে। ঘরভর্তি ওই বিপুল বই আমাকে অভিভূত করে ফেলল। ঘরটা আমার চেয়ে অনেক বড়, তাই ওই হাজার কয়েক বইকেও আমার কাছে প্রায় লক্ষ-কোটি বই বলেই মনে হলো, যেন আমাকে ঘিরে বইয়ের একটা অন্তহীন জগৎ দাঁড়িয়ে রয়েছে।
মনে হয়, এই ঘটনাটা আমার শিশুমনকে খুবই প্রভাবিত করেছিল। শৈশবে গভীরভাবে যে স্বপ্ন মানুষ একবার দেখে, সারা জীবন তাকেই সে বড়ভাবে পুনর্গঠন করতে চায়। আমি যে সারা জীবন শুধু দুনিয়া হাতড়ে রাশি রাশি বই সংগ্রহ করà¦