হুমায়ুন আইয়ুব
সম্পাদক
দাওয়াত ও তাবলিগের সূচনা ভারতের মেওয়াতে। ১৯২০ এর দশকে। আজ বিশ্বময় ছড়িয়ে আছে তাবলিগি চিন্তার কোটি মানুষ। মানুষের হৃদয়রাজ্য দখল করে আছে তাবলিগ। সাগর নদী আর পাহাড়ের ঢেউয়ে কিংবা আফ্রিকার গভীর জঙ্গলেও তাবলিগের সিলেবাস ‘ফাজায়েলে আমাল’ এবং ‘ মুন্তাখাব হাদিসের’ তালিম হয়। পাঁচ উপমহাদেশেই চলে দাওয়াতের এই কাজ।
পৃথিবী জুড়ে লা’ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে ঘরে ঘরে, জনে জনে কাজ করছে এই তাবলিগ জামাত। মদিনার নবী হজরত মুহাম্মদ সা. এর কলজেছেঁড়া উম্মতের দরদ নিয়ে কাজটি শুরু করেছিলেন হজরতজি মাওলানা ইলিয়াস রহ.। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনার আদর্শের সন্তান। হজরতজি মাওলানা ইলিয়াস রহ. এর অন্তরে ছিল উম্মতের মায়ার দগদগে ক্ষত। হজরতজির ভেতর থেকে উম্মতের মায়ায় কলজেপোড়া গন্ধ আসত।
এতিম নবীর পথভোলা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সহজ, সরল, মোটা মোটা অথচ দামি কথা বলে মানুষকে দীন ও হেদায়াতের পথে ডেকেছেন তিনি। প্রায় শতবর্ষী তাবলিগের এই পথে এসে আজও লাখ লাখ মানুষ নিজের জান, মাল ও সময় ব্যয় করে দীন শিখছেন। অন্যদেরও উৎসাহিত করছেন হেদায়াতের এই নির্মল মেহনতে শরিক হয়ে।
বিশ্বজোড়া কালেমার মৌমাছিরা প্রতি বছর জড়ো হয় ঢাকায়। টঙ্গীর বিশ্ব ইজতেমায়। তুরাগ তীরে কালিমার বাগানের সন্ধানে উড়ে আসে লা’ইলাহা ইল্লাল্লাহর মৌমাছিরা। ফুলে ফুলে খুশবু ছড়ায় লা’ইলাহা ইল্লাল্লাহর।
সম্প্রতি তাবলিগ জামাতের নীতি নির্ধারণী মহলে কিছু মান-অভিমান শুরু হয়েছে। এটাকে সাময়িক সঙ্কট হিসেবে ধরা যেতে পারে। মনে রাখার মতো বিষয় হলো, পৃথিবীর ৫৫টি মুসলিম রাষ্ট্র তো বটেই; ইউরোপ-আমেরিকাসহ পাঁচ উপমহাদেশ জুড়ে ছড়িয়ে আছে তাবলিগের মেহনত। হালে ভারত উপমহাদেশে তাবলিগের স্বর্ণযুগ চলছে। সঙ্কটটাও ভারত, পাকিস্তান ও বাংলাদেশেই প্রকট।
তবে ৫৬ হাজার বর্গমাইলের লাল-সবুজের এক টুকরো মানচিত্রে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গরিব অথচ উদার এদেশের মানুষ! অভাবী অথচ সাহসী এদেশের রাষ্ট্রনায়কগণ! অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তুরাগতীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে আসছে যুগ যুগ ধরে।
উজ্জ্বল করছে লাল-সবুজ পতাকার সম্মান। সমুন্নত করছে বাà¦