সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, কলামিস্ট ও সাংবাদিক
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে দুই লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের ১২টি ক্যাম্পে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা। এদের মধ্যে প্রায় ২ লাখ রোহিঙ্গা আসন্ন বর্ষায় পাহাড় ধস ও বন্যার ঝুঁকিতে রয়েছে। অবশ্য দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
বেশি ঝুঁকিতে থাকা প্রায় এক লাখের মধ্যে এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। কুতুপালং ক্যাম্পের মধুরছড়ার পশ্চিমে পাহাড়ি এলাকায় ৫৪০ একর জমি অধিগ্রহণ করে উন্নয়নসহ সরকার শেড নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। কিন্তু তাতেই কি সমস্যার সমাধান হবে?
বলতে চাচ্ছি, বর্ষা আসন্ন। পাহাড়ের ঢালে কোনো রকমে মাথা গুঁজে থাকা লাখ লাখ রোহিঙ্গার জীবনের ঝুঁকি ক্রমেই বাড়ছে। বিদেশি ত্রাণ সহযোগিতার প্রবাহ ক্রমেই কমছে। মিয়ানমার মুখে প্রত্যাবাসনের কথা বললেও কার্যত তাদের অনাগ্রহই স্পষ্ট হচ্ছে। বরং তাদের আগ্রাসী চরিত্রের প্রকাশ ঘটছে দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর ওপরও।
এ অবস্থায় আগামী দিনগুলোতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কী করবে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতিনিধি দল।
প্রতিনিধি দল স্বীকার করেছে, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারেরই সংকট এবং এর সমাধান সেখানেই নিহিত। কক্সবাজারের আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিনিধি দলের নেতা ইউএনএসসির বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কাদরা ভেলাসকেজ।
১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।অপর সদস্যরা হলেন- বলিভিয়া, গিনি, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের ডেপুটি স্থায়ী প্রতিনিধি।