মুহিব্বুল্লাহ মামুন
আওয়ার ইসলাম
প্রতি বছর রহমত, মাগফিরাত ও মুক্তির সুমহান বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আগমন করে রমজান মাস। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্যই পবিত্র রমজানের পুরো মাস সিয়াম পালন করা ফরজ। মাহে রমজানের মর্যাদাকে কাজে লাগিয়ে কদর রাত প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় সর্বোপরি মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের জন্য রমজানের শেষ দশকের ইতিকাফকে সুন্নাত করা হয়েছে।
শরিয়তের পরিভাষায় যেই মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত জামাত সহকারে নিয়মিত আদায় করা হয় এমন মসজিদে মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইতিকাফ করেছেন এবং ইতিকাফ করার জন্য সাহাবাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন।
তিনি বলেন, ‘মসজিদ মুত্তাকিদের ঘর। যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে আল্লাহ তাঁর প্রতি শান্তি ও রহমত নাজিল করবেন এবং পুলসিরাত পার-পূর্বক বেহেশতে পৌঁছানোর জিম্মাদার হবেন’।
রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কদায়ে কিফায়া। তথা পুরো এলাকার উপর সুন্নত। তবে একজন ব্যক্তিও তা আদায় করলে আদায় হয়ে যাবে। শেষ দশকের ইতিকাফে বসতে হলে বিশে রমজানের সূর্য অস্ত যাবার আগেই মসজিদে প্রবেশ করতে হবে।
যদি সূর্য ডুবার এক সেকেন্ড পরেও কেউ মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করে, তবুও তার সুন্নত ইতিকাফ বাদ হয়ে গেল। কারণ তখন তার দশকের পূর্ণতা বাকি রইল না। এক সেকেন্ড কম হয়ে গেল।
সুতরাং, এ বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। আসরের পরই মসজিদে চলে যাওয়াই সবচে নিরাপদ। মাগরিবের পর, বা পরদিন ইতিকাফে বসলে তা নফল ইতিকাফ হবে। সুন্নত ইতিকাফ হবে না।
ইতিকাফ বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা
১) ইতিকাফ আদায়কারী ব্যক্তির খাবার মসজিদে পৌঁছে দেওয়ার মতো কেউ না থাকলে খাবার আনার জন্য বাসায় যেতে পারবে। এ কারণে ইতিকাফ ভাঙবে না। তবে খাবার আনার জন্য মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো কাজে বিলম্ব করা যাবে না।
অন্য কাজে অল্প সময় ব্যয় করলেও ইতিকাফ ভেঙে যাবে। অবশ্য ঘটনাক্রমে খাবার প্রস্ত্তত না হলে সেজন্য অপেক্ষা করতে পারবে। (আলবাহরুর রায়েক ২/৩০৩; আলমুহীতুল বুরহানী ৩/৩৮০)
২) ইতিকাফরত ব্যক্তি পেশাব-পায়খানার জন্য মসজিদের বাইরে গেলে আসা যাওয়ার পথে পথ চলতে চলতে সালাম আদান-প্রদান করতে পারবে। তদ্রুপ এসময় পথ চলতে চলতে কারো সাথে অল্পস্বল্à¦