শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

শনিবার সকাল ৯টায় মোংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে ছিল অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সে সময় এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছিল। এর কেন্দ্রে ৭৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিলো।

বাংলাদেশ সময় রাত ৯টায় ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় এটি ঘণ্টায় ১৩ কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছিলো। তবে এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড়টি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখন এটি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে অতি প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়, যা ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। আরও কিছুটা দুর্বল হয়ে এটি রবিবার ভোর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের সুন্দরবন উপকূলে প্রথম আঘাত হানে। রাত পৌঁনে ১২টার দিকে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবং এ সময় দুর্বল হয়ে শনিবার মধ্য রাত নাগাদ খুলনার সুন্দরবনের নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর থেকে রাত পৌঁনে ১২টার দিকে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দীন আহমেদ জানান, রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের দুবলার চরে প্রথম ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে। তবে এর ফলে কোনো জলোচ্ছ্বাস হয়নি। স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই ফুট পানির উচ্চতা বেড়েছে।

এদিকে রাত ১১টায় আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা খাতুন বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণপশ্চিম এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে। মধ্যরাত নাগাদ সুন্দরবনের নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ