বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সেই রিট শুনতে হাইকোর্টের সম্মতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার কাউন্সিলের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা নিয়ে করা চ্যালেঞ্জের রিট শুনানি করতে অবশেষে সম্মত হয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি শুনানি করতে সম্মত হন।

এর আগে পর্যায়ক্রমে হাইকোর্টের চারটি পৃথক বেঞ্চ রিট আবেদনটি শুনানি করতে অপারগতা প্রকাশ করেন। পরে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এতে সম্মতি দেন। আগামী মঙ্গলবার রিটটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান আদালত।

রোববার রিট আবেদনের পক্ষে শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট ইশরাত হাসান ও ব্যারিস্টার অনিক আর হক।

পরে আইনজীবীরা জানান, রিট আবেদনটি নিয়ে গত নভেম্বর মাসে ২১ ও ২৬ তারিখ এবং ডিসেম্বর মাসে ১১ তারিখ হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চে গেলে আদালত সেটি শুনতে বিব্রতবোধ ও অপারগত প্রকাশ করেন। সর্বশেষ রোববার প্রথমে হাইকোর্টের বিচারপতি মইনুল হোসেন চৌধুরীর বেঞ্চে গেলে তারাও রিট আবেদনটি শুনতে বিব্রতবোধ ও অপারগতা প্রকাশ করেন।

এর পরেই বিচারপতি তরিক উল হাকিম ও বিচারপতি মুহা. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ আবেদনটি নিয়ে গেলে তারা সেটি শুনতে সম্মত হন।

উল্লেখ্য, বার কাউন্সিলের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ করায় গত ২১ নভেম্বর এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

রিট আবেদনে বলা হয়, হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মুহা. জুম্মান সিদ্দিকী কয়েকবার বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু গত ৩১ অক্টোবর তাকে হাইকোর্টের আইনজীবী উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়। তাই ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১) (খ) ও ৩০(৩) ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের তাতে বিবাদী করা হয়েছে।

-এএ