আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও মাথার খুলি, দেহের হাড়, কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি।
ওই হাড় ও খুলি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ জানান, সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ওই কারখানায় তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার বিকালের দিকে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে মাথার খুলি, দেহের হাড়, (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। পরে সেগুলি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তীতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এর আগে মঙ্গলবার বিকালে কারখানার চতুর্থ তলা থেকে তল্লাশি অভিযান চালিয়ে দুইটি মাথার খুলি, হাড় ও চুল উদ্ধার করেছে সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ আরও জানান, অগ্নিকাণ্ডে লাবনী, সাজ্জাত ও মহিউদ্দিন নামে তিন শ্রমিক নিখোঁজের আবেদন পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রসঙ্গত, গত ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। কারখানার নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাদের গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জামিনে বের হয়েছেন।
এনটি