আল আমীন আজহার।।
যেসব নৈতিক ও চারিত্রিক সৎকর্মের ওপর কোরআনে বিশেষ জোর দেয়া হয়েছে তন্মধ্যে বদান্যতা ও দানশীলতা অন্যতম।
আল্লাহ প্রদত্ত ধন-সম্পদ বিত্ত-বৈভব শক্তি-সামর্থ্য ও নেয়ামত-আশীর্বাদ আল্লাহর বান্দাদের জন্যে ব্যয় করা এবং এসবের মাধ্যমে তাদের উপকার করাকেই বদান্যতা এবং দানশীলতা বলা হয়।
অভাবগ্রস্তের জন্য নিজের সম্পদ ব্যয় করা, নিজের বিদ্যা-বুদ্ধি এবং জ্ঞান ও যোগ্যতার দ্বারা তাদের সেবা করা, নিজে কষ্ট সহ্য করে তাদের উপকার করা এবং নিজের উপায়-উপকরণ নিয়ে মুখাপেক্ষী মানুষের প্রতি এগিয়ে যাওয়া এ সবকিছুই দান ও বদান্যতার শাখা-প্রশাখা বিশেষ।
কুরআন মাজীদে আল্লাহ তায়ালা দানশীলতাকে মৌলিক সৎকর্ম সাব্যস্ত করে বিভিন্ন শিরোনামে এর প্রতি তাকীদ দিয়েছেন। বলেছেন - ‘আর আমি তাদের যা কিছু দান করেছি তা থেকে তারা (আমার রাহে অন্যান্য বান্দাদের জন্যও) ব্যয় করে।’ (সূরা বাকারাহ : আয়াত নং ৩)।
অর্থাৎ কোরআনী হেদায়াতে কল্যাণপ্রাপ্ত দলের মৌলিক যেসব গুণাবলী উল্লেখ করা হয়েছে তার একটি হল দান ও বদান্যতা।
তাফসীরবিদগণ লিখেছেন- 'অর্থ-সম্পদ ও বিত্ত-বৈভব ছাড়াও আল্লাহ প্রদত্ত যে শক্তি-সামর্থ্য শ্রম ও যোগ্যতা আল্লাহর বান্দাদের কল্যাণার্থে ব্যয় করা হবে সব কিছুই দানের অন্তর্ভুক্ত।
দানশীলতার প্রতি উৎসাহ দিয়ে আল্লাহ তায়ালা বলেছেন- ‘হে ঈমানদারগণ! আমি যা কিছু তোমাদের দান করেছি তা থেকে (আমার রাহে আমার বান্দাদের জন্যও) ব্যয় কর (কেয়ামতের) সেদিন আসার পূর্বে- যাতে না থাকবে কোনো বেচা-কেনা, না কোনো বন্ধুর বন্ধুত্ব আর না কারো কোন সুপারিশ কাজে লাগবে।’ (সূরা বাকারাহ : আয়াত নং ২৫৪)।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে দানের প্রতি উৎসাহিত করেছেন। সাহাবায়ে কেরামও দানশীলতার ক্ষেত্রে প্রতিযোগিতা করে অভাব-দুঃখীদের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করতেন।
উরওয়া ইবনে জুবায়ের রাযিয়াল্লাহু আনহু আয়েশা রাযিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেন- 'তাঁর কাছে যা আসত সব কিছুই তিনি দান করে দিতেন। নিজের জন্য কিছুই জমা রাখতেন না।' (সহীহ বুখারী, হাদিস নং ৩৫০৫)
আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত- একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন 'আমাদের মধ্য থেকে কে সবার আগে (ইন্তেকালের পর) আপনার সঙ্গে মিলিত হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন- 'তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা। (সহীহ বুখারী, হাদিস নং ১৪২০)
আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন- ওমর রাযিয়াল্লাহু আনহু খায়বারে কিছু জমি লাà