জহির উদ্দিন বাবর: আজ থেকে ১৩ বছর আগের কথা। ২০১০ সালের জানুয়ারির শুরু। আমি তখন মিরপুরের মাদরাসা দারুর রাশাদে। আমাদের অগ্রজ মাওলানা শরীফ মুহাম্মদ তখন থাকেন মাদরাসার পাশেই সাংবাদিক আবাসিক এলাকায়।
প্রায় প্রতিদিনই সাক্ষাৎ হতো। গল্প হতো ঘণ্টার পর ঘণ্টা। কখনও আমার রুমে বসে, কখনও চায়ের স্টলে, আবার কখনও ফুটপাতে দাঁড়িয়ে। সেদিন সন্ধ্যার পর দারুর রাশাদের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম। এক ফাঁকে এলো ইজতেমার কথা। তখন ইজতেমা হতো এক পর্বে। আমেজ ছিল অনেক বেশি।
তিনি বললেন- ইজতেমায় আমরা একটি দৈনিক বের করতে পারি। সেখানে প্রতিদিনের বয়ান ও ইজতেমাসংক্রান্ত বিভিন্ন লেখা থাকবে। আমি বেশ কৌতূহলী হয়ে উঠলাম। চরম আইডিয়াবাজ আমাদের প্রিয় শরীফ ভাই একের পর এক আইডিয়া দিয়ে যাচ্ছেন।
কিন্তু কাজটি বলা যত সহজ করাটা তত সহজ নয়। তাছাড়া ইজতেমারও বাকি মাত্র কয়েক দিন। সেদিনের মতো আমাদের গল্প এখানেই শেষ। হুমায়ুন আইয়ুব তখন রাহমানী পয়গামে। বিষয়টি তার সঙ্গে শেয়ার করলাম। হুমায়ুন শুনেই লুফে নিলেন। বললেন, চলেন আমরা শুরু করে দিই। শরীফ ভাইয়ের সঙ্গেও কথা বললেন হুমায়ুন। সঙ্গে যুক্ত হলেন গাজী মুহাম্মদ সানাউল্লাহ।
হামদর্দ থেকে একটি ভালো সহযোগিতার আশ্বাসও পাওয়া গেল। ইসলামী ব্যাংকের একটি বিজ্ঞাপনও চূড়ান্ত করলেন হুমায়ুন আইয়ুব। আমরা সবাই মিলেই চেষ্টা চালালাম বিজ্ঞাপন সংগ্রহের।
কাজটি করতে হবে টঙ্গীতে। তাই ‘টঙ্গীর কুতুব’ খ্যাত মুফতি এনায়েতুল্লাহকে চাই। প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গেলেন। স্থানীয় যত সাপোর্ট সব তিনি দেবেন বলে রাজি হলেন। আমরা বসলাম পল্টনের বাসমতি হোটেলের দোতলায়; যেখানে তখন ছনের ছাউনির সুন্দর-নিরিবিলি পরিবেশ ছিল। পুরো পরিকল্পনা সাজালাম। ইজতেমা দৈনিকের নাম হবে ‘ইজতেমা প্রতিদিন’। টিম লিডার মাওলানা শরীফ মুহাম্মদ। মুফতি এনায়েত, গাজী, হুমায়ুন আর আমি মূল টিমে। সঙ্গে যুক্ত হবেন আমাদের আরও অনেক বন্ধুবান্ধব।
তখন ফেসবুকে আমাদের লোকদের বিচরণ ততটা ছিল না। তবু ব্যাপক সাড়া পড়ল। আমাদের প্রিয়দের অনেকেই স্বতস্ফূর্তভাবে যুক্ত হয়ে গেলেন এই কাজের সঙ্গে। টঙ্গী বাজারের হাজীবাড়িতে একটি টিনশেড মাদরাসা আমাদের অফিসের জন্