মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রজব মাস থেকেই শুরু হোক রমজানের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রজব মুমিনের দরজায় পরম পুণ্যের মাস রমজানের অগ্রিম আগমনী বার্তা পৌঁছায়। ইসলামে রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেগুলোকে ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। রজবও এই চার মাসের অন্যতম।

ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে। প্রিয় মহানবী সা. রজব মাসে বাইতুল মুকাদ্দাস থেকে আকাশপথে মেরাজে গমন করেছিলেন।

মহানবী সা. এর নবুয়ত লাভ-পরবর্তী ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা।

রজব মাসের গুরুত্বপূর্ণ ঘটনা
মহানবী সা. এর কাছে সর্বপ্রথম রজব মাসেই ওহি অবতীর্ণ হয়। হিজরি পঞ্চম বর্ষের রজব মাসেই মুসলমানরা ‘হাবশা’র (বর্তমান ইরিত্রিয়া) উদ্দেশ্যে প্রথম হিজরত করেন। (উয়ুনুল আছর, ১/১৫২)
নবম হিজরির রজব মাসে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল; যাতে মুসলমানরা ত্যাগ-নিষ্ঠা ও কোরবানির পরাকাষ্ঠা উপস্থাপন করেছিলেন। (সিরাতে ইবনে হিশাম, ৫/১৯৫)

মহানবী সা. হাবশার নীতিবান বাদশাহ ও মুসলমানদের সহযোগী নাজ্জাসির মৃত্যুসংবাদ ঘোষণা করেছিলেন এবং সেদিন ইসলামের ইতিহাসের একমাত্র গায়েবি জানাজা পড়েছিলেন। (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫/৩৯)

১৪ হিজরির এ মাসে সিরিয়ার রাজধানী বিজয় মুসলমানদের হাতে এবং ১৫ হিজরির রজব মাসে ইয়ারমুকের মর্মান্তিক যুদ্ধ সংঘটিত হয়। (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪/০৭)

এছাড়াও ছোটখাটো অনেক যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হয়েছিল এই পবিত্র মাসে। তাফসিরে তাবারি ও বাগভিতে রয়েছে, আল্লাহর নবী নূহ আ. মহাপ্লাবনের আশঙ্কায় রজব মাসের ১০ তারিখে কিস্তিতে আরোহণ করেছিলেন। (মাআরেফুল কোরআন, পৃষ্ঠা- ৬৩২)

রজব মাসের মর্যাদা ও তাৎপর্য
হিজরি বর্ষের অন্যান্য মাসের মধ্যে রজব মাস অতীব সম্মানিত ও মর্যাদাবান। তাৎপর্যবহ ও বরকতময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয় আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই মহান আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা বারোটি। এর মধ্যে চারটি হচ্ছে (যুদ্ধ-বিগ্রহের জন্য নিষিদ্ধ) সম্মানিত। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। ’ (সুরা তাওবা-৩৬)

রজব মাস সম্বন্ধে মহানবী সা. থেকে হজরত আবু বকর রা. বর্ণনা করেন যে, তিনি বলেন, ‘বছর হচ্ছে বারো মাস। এর মধ্যে চার মাস হারাম। চারটির মধ্যে তিনটি ধারাবাহিক :জিলকদ, জিলহজ, মহররম ও (মুদার গোত্রের) রজব মাস; যে মাসটি জুমাদাল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী। ’ (বুখারি-৪৬৬২ ও মুসলিম-১৬৭৯)

‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত এ চারটি মাসের বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে।

রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি
পবিত্র সিয়াম সাধনার বিশেষ গুরুত্বের কথা বিবেচনা করে দুই মাস আগে রজব থেকেই এর মানসিক প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় মহানবী সা. প্রতিবছর রজব মাস এলেই রমজানুল মোবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তার ইবাদত-বন্দেগি সব কিছুতেই একটি পরিবর্তন সূচিত হতো।

রজব সংক্রান্ত একটি হাদিসে আছে, রজব মাস আগমন করলে মহানবী সা. এই দোয়া করতেন- ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান। ’ অর্থাৎ ‘হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন আর রমজান পর্যন্ত আমাদের জীবিত রাখুন। ’ (বায়হাকি ফি শুয়াবিল ইমান, হাদিস নং: ৩৫৩৪, তাবরানি ফিল আওসাত, হাদিস নং: ৩৯৩৯, মুসনাদে আহমদ, হাদিস নং: ২৩৪৬)

প্রখ্যাত হাদিসবিশারদ মোল্লা আলী কারি রহ. এ হাদিসের ব্যাখ্যায় বলেন, ‘অর্থাৎ হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের ইবাদত-বন্দেগিতে বরকত দান করুন এবং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম-কিয়াম তথা রোজা ও তারাবিহর তাওফিক দান করুন। ’ (মেরকাত-৩/৪৬৩)

আসুন, রজব মাস থেকে পবিত্র রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ইসলাম যেসব ইবাদত-বন্দেগিকে সমর্থন দিয়েছে, সেগুলো মান্য করি এবং শরিয়ত-বহির্ভূত অন্য কাজকর্ম থেকে সর্বদা বিরত থাকি।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ