আওয়ার ইসলাম ডেস্ক: এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট আলেম লেখক ও কবি মুনীরুল ইসলামের ‘ছোটদের প্রিয়নবীর গল্প সিরিজ’। ৭টি বইয়ের এই সিরিজটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আককাস খান। সিরিজটি মেলায় শিশুরাজ্য প্রকাশনের ৬৯৭ নম্বর স্টলে (শিশু কর্নারে) পাওয়া যাচ্ছে। সিরিজের বইগুলো হলো- ১. আঁধার ধরায় আলোর নবী, ২. শুরু হলো দীনের দাওয়াত, ৩. মিরাজে গেলেন প্রিয়নবী, ৪. মক্কা থেকে মদিনায় হিজরত, ৫. যুদ্ধের ময়দানে প্রিয়নবী, ৬. দয়ার নবী মায়ার ছবি এবং ৭. অমুসলিমদের প্রতি প্রিয়নবী।
প্রতিটি বইয়ের মুদ্রিত মূল্য ১৪০ টাকা করে পুরো সিরিজটির মূল্য ৯৮০ টাকা। আর্ট কার্ডের বাঁধাই, আর্ট পেপার ও ফোর কালারে বড় সাইজে ছেপে বাজারে এসেছে সিরিজটি। প্রতিটি বইয়ে রয়েছে বিষয়সংশ্লিষ্ট ৬/৭টি করে গল্প। পাতায় পাতায় ফুটে উঠেছে গল্পের সঙ্গে মানানসই মক্কা-মদিনার পথ-প্রান্তরসহ নজরকাড়া দৃশ্য। মুনীরুল ইসলাম শিশুদের নিয়ে ভাবেন, কাজ করেন। বরাবরের মতোই এই সিরিজের প্রতিটি গল্প তিনি শিশুদের উপযোগী সহজ-সাবলীল ভাষায় ছোট ছোট বাক্যে তুলে এনেছেন। তুলতুলে ভাষার নদী সাঁতরে চমৎকার দৃশ্যাবলি দেখে দেখে শিশুরা খুশিমনে পড়ে ফেলতে পারবে বইগুলো। জানতে পারবে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাদর্শ। প্রেরণা পাবে আদর্শ মানুষ হওয়ার।
আমাদের কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই সাজাবে আগামীর সুন্দর পৃথিবী। তাই শিশু-কিশোরদের প্রতি খেয়াল রাখা, তাদের বিশেষ যত্ন নেওয়া অভিভাবকদের কর্তব্য। শিশুরা কাদামাটির মতো। তাদের শরীর-মন সবই নরম। শিশুকালে তাদেরকে যেভাবে গড়ে তোলা হবে তারা সেভাবেই গড়ে উঠবে। অভিভাবকদের অবহেলায় সন্তান বিপথগামী হলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। ‘বাচ্চা মানুষ কিচ্ছু হবে না’- এই অজুহাতে তাদেরকে অর্থহীন কার্টুন-কমিক্স দেখানো, মোবাইলে গান-ছবি ছেড়ে দেওয়া কিংবা যেকোনো অন্যায় আবদার রক্ষা করা উচিত নয়। এমনকি শিক্ষাহীন নীতি-নৈতিকতা বিবর্জিত রূপকথার গল্প পড়তে দেওয়া বা পড়ে শোনানোও অনুচিত। কিন্তু এগুলোর বিকল্প ভালো কিছু শিশুদের হাতে না দিয়ে তাদেরকে এগুলো থেকে বিরত রাখাও কঠিন। বাস্তবতা হচ্ছে, এগুলোর বিকল্প ভালো কিছু আমাদের কাছে নেই বললেই চলে। এসব দিক বিবেচনা করেই লেখক এই সিরিজটি উপহার দিয়েছেন।