বিশেষ প্রতিনিধি
গত শতাব্দীর আশির দশকের গোড়ার দিকে যাত্রা করা বাংলাদেশ খেলাফত মজলিস নব্বইয়ের দশক পুরোটাজুড়েই ইসলামি অঙ্গনে বেশ দাপটের সঙ্গে এগিয়ে গেছে। এর বড় কারণ হলো, তখন সংগঠনটির নেতৃত্বে ছিলেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। দেশের অন্যতম শীর্ষ আলেম এবং সর্বমহলে স্বীকৃত হওয়ার কারণে শায়খুল হাদিসের নেতৃত্বাধীন সংগঠনও গুরুত্ব পায়। ইসলামি ঐক্যজোট থেকে শুরু করে চারদলীয় জোট পর্যন্ত সবখানেই সংগঠনটি আলোচিত ও নেতৃত্বে ছিল। নতুন শতাব্দীর শুরুর কয়েকটা বছরও সংগঠনটির কার্যক্রম বেশ গতিশীল ছিল। একটা সময় ইসলামি দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর পর সুশৃঙ্খল ও সম্ভাবনাময় দল হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে গণ্য করা হতো।
তবে অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০০৫ সালে মজলিস ভেঙে দুই টুকরো হয়ে যাওয়ার পর সম্ভাবনাময় এই সংগঠনটি হোঁচট খায়। বিভাজিত সংগঠন নিয়ে কাজ করাও ছিল সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর। তবে এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় সংগঠনটির দুটি ভাগ দুই নামে নিবন্ধন পায়। একটি বাংলাদেশ খেলাফত মজলিস, আরেকটি শুধু খেলাফত মজলিস। দুই নামে দুই মজলিস কাজ করে যায়। তবে দুই মজলিসের মধ্যে সুস্পষ্ট একটা পার্থক্য ছিল। সেটা হলো ব