|| মুহাম্মদ মিজানুর রহমান ||
ফজর—যা দিনের প্রথম আলো, আত্মশুদ্ধির এক অপূর্ব সূচনা। অথচ এই নামাজটিই আজ মসজিদগুলোতে সবচেয়ে নিঃসঙ্গ। ইকামতের ধ্বনি বেজে উঠে, কিন্তু কাতারে কাতারে মুসল্লির বদলে দেখা যায় ফাঁকা জায়গা। ঘুম, ক্লান্তি, কিংবা গাফেলতির যুপকাষ্ঠে বলি হচ্ছে দিনের সবচেয়ে বরকতময় মুহূর্তটি।
একসময় গ্রামের মসজিদগুলোয় ফজরের জামাতে ভিড় থাকত চোখে পড়ার মতো। শহরেও ছিল সাড়া। কিন্তু এখন? আধুনিক জীবনের ব্যস্ততা, স্মার্টফোন-নির্ভর রাতজাগা জীবনধারা ধীরে ধীরে আমাদের এই মৌলিক কর্তব্য থেকে সরিয়ে নিচ্ছে। অথচ রাসূল (সা.) ফজরের জামাতকে দিয়েছেন অত্যন্ত উচ্চ মর্যাদা—যার তুলনা আর কোনো নামাজে নেই। এই ক্রমহ্রাসমান চিত্র শুধু একেকটি মসজিদের নয়, বরং একটি জাতির আধ্যাত্মিক স্বাস্থ্য হ্রাসেরও ইঙ্গিত। তাই প্রশ্ন জাগে—আমরা কি আবার জাগবো ফজরের আলোতে? নাকি আমাদের মসজিদগুলো ভোরে আরও নিঃসঙ্গ হয়ে উঠবে?
